
রবিউল হাসান লায়ন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে জেলা বিএনপি। বুধবার সকালে স্টেশন বাজার মোড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম প্রমুখ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, জিয়াউর রহমান বাকশাল ভেঙ্গে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি সেদিন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করতেন আজকে রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ পেতেন না।
বিএনপিনেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন আরও বলেন, জিয়াউর রহমান সকল সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে কৃষি বিপ্লবের শুভ সূচনা করেছিলেন জিয়াউর রহমান। তিনিই সর্বপ্রথম কৃষিতে আধুনিক যন্ত্রপাতি আনাসহ সে সময় এক ফসলের দেশকে তিন ফসলের দেশে রুপান্তরিত করেছিলেন। এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে অসহায়, দুঃস্থ শীতার্তদের মাঝে ৬০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত