প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২২, ৯:০৭ অপরাহ্ণ
সোনারগাঁয়ে আ’লীগ নেতাকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনকে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। রোববার রাতে বারদী বাজারের মার্কাজ মসজিদের সামনে পিটিয়ে হত্যা চেষ্টা চালায়। এ ঘটনায় সোমবার বিকেলে জয়নাল আবেদীন বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, জয়নাল আবেদীন বারদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
বারদী ইউনিয়নের সেনপাড়া গ্রামের জালালউদ্দিন সরকারের ছেলে জাহাঙ্গীর সরকার, মৃত হাফিজউদ্দিনের ছেলে ইব্রাহিম খলিল ইবু বিভিন্ন সময়ে আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীনের কাছে টাকা ধার চান। এ টাকা না দেওয়ায় বিভিন্ন সময়ে তাকে হুমকি দিয়ে গালমন্দ করে থাকে। রোববার রাতে জয়নাল আবেদীন বারদী বাজার থেকে জমির বায়না বাবাদ ২ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে মার্কাজ মসজিদের সামনে আগে থেকে উৎ পেতে থাকা জাহাঙ্গীর সরকারের নেতৃত্বে ইব্রাহিম খলিল ইবুসহ অজ্ঞাত ৭-৮জনের একটি দল দেশীয় অস্ত্র লোহার রড, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময় জয়নাল আবেদীনকে পিটিয়ে হত্যার চেষ্টা করে।
জয়নাল আবেদীনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন জানান, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর সরকার ও ইবু আমার কাছে ধার হিসেবে টাকার দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়ায় আমাকে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে মারধরের চেষ্টা চালায়। রোববার রাতে আমাকে একা পেয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে।
অভিযুক্ত জাহাঙ্গীর সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জয়নাল আবেদীনের কাছে আমি টাকা পাই। টাকা চাইতে গিয়ে আমাদের মধ্যে কথাকাটাকাটি হয়। ফলে দু’একটি চর থাপ্পর দেওয়া হয়েছে। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.