প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২২, ৫:৩৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে গ্রামবাসীদের সহায়তায় বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় গ্রামবাসীদের সহায়তায় বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (৭ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মাধবপুর গ্রামে এ নীল গাইটিকে ধরে স্থানীয়রা। পরে ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিজিবির হাতে হস্তান্তর করা হয়। বর্তমানে নীল গাইটি সুস্থ আছে এবং বিজিবির জিম্মায় আছে বলে জানান, ইউপি চেয়ারম্যান হিমু সরকার। গ্রামের ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র ফয়সাল আমিন হৃদয় বলেন, আমরা ১০ থেকে ১২ জন্য মাঠে খেলে বাড়ি আসছিলাম। আসার সময় দেখি নীল গাইটি মাঠে হাটতেছে। পরে আমরা জোরে নীল গাই নীল গাই বলে হৈ হুল্লোর করলে গ্রামবাসী চারদিক থেকে নীল গাইটিকে ঘেরাও করে ধরে ফেলে। স্থানীয় গ্রামবাসী তমিজ মিয়া বলেন, আমরা শিশুদের চিৎকারে সেখানে গিয়ে নীল গাইটিকে ঘেরাও করে ধরি। পরে নীল গাইটি অনেক ছোটা ছুটির পর ধরতে সক্ষম হই। গাইটি অনেক শক্তিশালী সামলানো যাচ্ছিলোনা।
গ্রামবাসীর বরাত দিয়ে চেয়ারম্যান হিমু সরকার বলেন, বিকালের দিকে একটি নীল গাই ভারতীয় কাটাতার সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। এরপর গ্রামবাসী নীল গাইটিকে দেখতে পেয়ে চারপাশে ঘেরাও করে ৪৫ মিনিটের মধ্যে ধরে ফেলে। তারপর তারা আমাকে খবর দিলে আমি বিজিবি ক্যাম্পে জানাই। আমার এবং পীরগঞ্জ উপজেলা ইউএনও মহোদয়ের উপস্থিতিতে নীল গাইটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, নীল গাইটিকে গ্রামবাসী চারদিকে ঘেরাও করে ধাওয়া করে ধরে। পরে আমরা খবর পেলে সেখানে যাই। পীরগঞ্জ উপজেলা প্রাণী চিকিৎসককে দেখানো হয়েছে। বর্তমানে নীল গাইটি ভালো আছে ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.