হোম » সারাদেশ » প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্য বন্ধের দাবি চাকরি না পেয়ে মুখে কালি মেখে প্রতিবাদ করলেন রংপুরের পীরগঞ্জের যুবক রনি

প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্য বন্ধের দাবি চাকরি না পেয়ে মুখে কালি মেখে প্রতিবাদ করলেন রংপুরের পীরগঞ্জের যুবক রনি

হারুন উর রশিদ সোহেল,রংপুর: অর্নাস-মাস্টার্স শেষ করেও চাকরি না পেয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছেন রেদওয়ান রনি নামের রংপুরের এক যুবক। মুখে কালি মেখে প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্য বন্ধসহ বিভিন্ন দাবি-সম্বলিত পোস্টার নিয়ে পদযাত্রা করেছেন তিনি। রেদওয়ান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের একবারপুর দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল লতিফ মন্ডলের ছেলে। মঙ্গলবার দুপুরে মুখে কালি মেখে রংপুর নগরীর লালবাগ থেকে পদযাত্রা শুরু করেন রনি।

এরপর জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে আবারও লালবাগে গিয়ে পদযাত্রা শেষ করেন। রনির সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ২০১৭ সালে কারমাইকেল কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। এর আগে রংপুর সরকারি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স করেন। তারা তিন বোন ও এক ভাই। বাবা স্থানীয় একটি ইবতেদায়ি মাদরাসার শিক্ষক ছিলেন। ২০১২ সালে তিনি অবসর নেন। বড় তিন বোনের বিয়ে হয়েছে। বাবা অবসরে যাওয়ার পর থেকে সংসারের দায়িত্ব রনির কাঁধে এসে পড়ে। মাস্টার্স শেষ করে বিভিন্ন স্থানে চাকরির পরীক্ষা দিয়েও আজ পর্যন্ত চাকরি পাননি রনি।

এ কারণে হতাশ হয়ে সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য বন্ধ, প্রশ্নপত্র ফাঁস বন্ধসহ দুর্নীতিবিরোধী পোস্টার নিয়ে মুখে কালি মেখে সড়কে পদযাত্রা করেন তিনি। দুর্নীতিমুক্ত নিয়োগ ও টাকার খেলা বন্ধের দাবি জানিয়ে রেদওয়ান রনি বলেন, সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্য বন্ধে কেন এ নীতি গ্রহণ করা হচ্ছে না? প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্য বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!