
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ নতুন বছরে প্রথম কার্যদিবসে দুটি দ্বিতল বিআরটিসি বাস হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহণ পুলে যুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস থেকে শহর এবং শহর থেকে ক্যাম্পাসে নিদিষ্ট সময়ে চলাচল করবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সন্ধিক্ষণে ০২ জানুয়ারি দুপুর সাড়ে ১২ টায় হাবিপ্রবির পরিবহণ পুলে যুক্ত হওয়া দুটি দ্বিতল বিআরটিসি বাসের উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মোঃ ফজলুল হক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলাম, পরিবহণ ও যন্ত্র মেরামত শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন, প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, পরিবহণ ও যন্ত্র মেরামত শাখার সদ্য সাবেক পরিচালক প্রফেসর ড. মোঃ মফিজউল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হল সুপার ড. মোঃ হাসানুর রহমান, হিসাব শাখার পরিচালক মোঃ মিজানুর রহমানসহ আরও উপস্থিত ছিলেন সহকারি প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারি পরিচালকসহ বিভিন্ন হলের সহকারি হল সুপার, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও বিআরটিসি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিআরটিসি’র দিনাজপুর ডিপোর ম্যানেজার মো. মোশাররফ হোসেন সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এবং সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা ইতোমধ্যে জাতিসংঘ স্বীকৃতিও দিয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের এই মাহেন্দ্রক্ষণ আজ উদযাপন করছে বাংলাদেশ সরকার। এই উদযাপনের অংশীদার হিসেবে হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য উপহারসরূপ ইংরেজি নববর্ষের প্রথম কর্মদিবসে বাস দুটি যাত্রা শুরু করলো। এই দুটি বাস যুক্ত হওয়ার শিক্ষার্থীদের পরিবহণ সমস্যা অনেকটা লাঘব হবে বলে আশা করি।
উপাচার্য আরও বলেন, জাতির পিতার যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে, এরই সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে আমাদের প্রিয় হাবিপ্রবি। এক্ষেত্রে আমি হাবিপ্রবি পরিবারের সকলের সহযোগিতা কামনা করি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক