
সিলেট প্রতিনিধি: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সাংবাদিকতার বিকাশ ও সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রতিষ্ঠা করেন। তিনি সাংবাদিকদের মান-মর্যাদা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখেন। এরই ধারবাহিকতায় বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। সাংবাদিকদের দক্ষ করে গড়ে তুলতে দেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে পিআইবি’র ব্যবস্থাপনায় নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিনই একযোগে একাধিক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে সিলেটেও একযোগে একাধিক প্রশিক্ষণ চলমান রয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে পিআইবি’র উদ্যোগে সিলেট জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য ২ দিনব্যাপী ‘সিআরসি, সিডো ও মীনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। সিলেট নগরীর জিন্দাবাজারে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা)-এর হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সিলেটের ৩ জন নারী সাংবাদিকসহ ৩০ জন পেশাদার সাংবাদিক অংশগ্রহণ করেন।
এক সময়ের তুকোড় সাংবাদিক নেতা ও কবি জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকরা যদি কর্মক্ষেত্রে পেশাদারিত্বের পরিচয় না দেন, তাহলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়। পেশাদারিত্ব বাড়াতে সাংবাদিকদের প্রশিক্ষিত ও দক্ষ হতে হবে। পিআইবি এব্যাপারে বিশেষ ভূমিকা রেখে চলেছে। পিআইবি’র এই প্রশিক্ষণ কার্যক্রম আগামী দিনগুলোতে আরও বিস্তৃত করা হবে। তিনি আরো জানান, পিআইবি ইতিমধ্যে সাংবাদিকদের জন্য ডিপ্লোমা কোর্সসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রম চালু করেছে।
সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মশালার সমন্বয়কারী পিআইবি’র পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষণ, প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান, উপ-পরিচালক মো. জাকির হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম, সিলেটে কর্মশালার সমন্বয়কারী জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, পিআইবির অন্য কর্মকর্তাবৃন্দ।
এদিকে, পিআইবির উদ্যোগে গত বুধবার নগরীর রিকাবীবাজারের সিলেট জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে সম্পন্ন হয়েছে তিনদিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং কর্মশালা। এতে সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের আরও ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ নেন। বুধবার তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
এছাড়া, আজ শনিবার সম্পন্ন হবে ৩ দিনব্যাপী মোবাইল জার্নালিজম বিষয়ক অপর একটি কর্মশালা। সিলেট জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে কর্মশালাটি বৃহস্পতিবার সকালে শুরু হয়। এতেও সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।