
সিলেট প্রতিনিধি: আপন চাচাতো ভাইদের দখল থেকে নিজের পৈত্রিক সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মজিদ ওরফে বাবু। শনিবার (১০ ডিস্বের) বিকেল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল রাধানগরের সৈয়দ আব্দুল ছাত্তারের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবু বলেন, আমি ব্যবসা ও কৃষিকাজ সূত্রে গ্রামের বাড়িতে অবস্থান করি। আমার দাদার নামে সিলেট নগরীর মিউনিসিপ্যালিটি মৌজার জেএল নং ৭৬ স্থিত কুমারপাড়া এলাকার ঝর্ণারপাড়ে ৬০ শতকসহ কিছু জমি রয়েছে। উত্তরাধীকারী সূত্রে এসব জমির মালিক হলেন আমার পিতা সৈয়দ আব্দুস সাত্তার, চাচা আব্দুস ছালাম, আবদুস সামাদ। আমি গোয়াইনঘাটের বাড়িতে থাকার সুবাদে এসব সম্পত্তি আমার চাচাতো ভাইয়েরা দেখাশুনা করতেন। আমি মাঝে মধ্যে আসা যাওয়া করি।
আব্দুল মজিদ বাবু বলেন, আমার চাচাতো ভাইয়েরা উত্তরাধীকারী সূত্রে পাওয়া নিজ অংশের জমি বিক্রি করে দেন। আমার পিতা আবদুস সাত্তারের নামীয় ভূমি অবিক্রিত থাকায় চাচা আবদুস সামাদের উত্তরাধীকারীরা দেখাশোনা করতে থাকেন। তাদের অংশে প্রাপ্ত ভূমি বিক্রি হওয়ার সূবাদে চাচাতো ভাইয়েরা আমার অংশে বসবাস করে আসছেন। এক পর্যায়ে তারা আমার ভূমি ক্রয় করার প্রস্তাব করলে আমি সম্মতি দেইনি। এরপর থেকে তারা আমার সাথে নানারকম টাল-বাহানা শুরু করেন। পরবর্তীতে জমি বিক্রি কার্যক্রম নিয়ে কথা বলার অনুরোধ করলে তাঁরা নানা কৌশলে সময় ক্ষেপন করতে থাকেন। বিষয়টি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে-এমন আভাস পাওয়ার পর থেকে ঝর্ণারপাড়স্থ বাসায় ঘনঘন যাতায়াত করতে থাকি। বাসায় ঘনঘন যাতায়াতের বিষয়টি মেনে নিতে পারেনি চাচাতো ভাইয়েরা। তাঁরা এক পর্যায়ে আমার প্রতি মারমুখী আচরণ করতে শুরু করে।
মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ আরো বলেন, অবস্থা বেগতিক দেখে বিষয়টি নিয়ে নিজের স্বজনদের সাথে কথা বলি। এতে চাচাতো ভাইয়েরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। আমাকে নানা ভয়-ভীতি এবং হুমকী প্রদর্শন করতে থাকে। এমনকি আমাকে প্রাণে মেরে ফেলারও প্রস্তুতি গ্রহণ করে। তাদের হুমকিতে আমি নিরাপত্তহীনতায় রয়েছি।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বলেন, একাত্তরে যুদ্ধে যাওয়ার কারণে পাকিস্তানি হায়েনারা প্রকাশ্যে আমার মা ও বড় ভাইকে গুলি করে হত্যা করেছে। তারপরও আমি মাথা নত করিনি। আজ ২০২১ সালে এসেও কোনো অসত্য কিংবা আত্মসাতকারীর সামনে নিজের মাথা নত করতে চাইনা। বিজয়ের এই মাসে ঘটনার সত্যতা অনুসন্ধান করে দখলদারদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষা ও জীবন রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত