হোম » সারাদেশ » জামালপুরে পুলিশ সুপার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, আরও দুইদিনের কর্মসূচি ঘোষনা

জামালপুরে পুলিশ সুপার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, আরও দুইদিনের কর্মসূচি ঘোষনা

রবিউল হাসান লায়ন: জামালপুরে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। সেই সঙ্গে আগামী দুই দিনের জন্য নতুন কর্মসূচি ঘোষনা করা হয়েছে। টানা আন্দোলনের সপ্তম দিন শুক্রবার সকালে জেলার সাংবাদিকদের সব সংগঠনের অংশগ্রহণে শহরের বকুলতায় চত্বরে মানববন্ধন থেকে এই নতুন কর্মসূচি দেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার মৌন মিছিল এবং রবিবার ডিসি অফিস ঘেরাও।
জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদের সাংবাদিক সুশান্ত কানুর সভাপতিত্বে ও কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইউসুফ আলী, সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সাংবাদিক শোয়েব হোসেন, আজকের জামালপুরের সম্পাদক এমএ জলিল, সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান, চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, বাংলারচিঠিডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, নিউজ টুডের সাংবাদিক সুলতান আলম, মানবকণ্ঠের সাংবাদিক কাফি পারভেজ, জামালপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আমাদের সময়ের সাংবাদিক আতিকুল ইসলাম রুকন, এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম, ইত্তেফাকের সাংবাদিক শাহ জামাল প্রমুখ।
মানববন্ধন থেকে পুলিশ সুপারকে দ্রুত প্রত্যাহার এবং অনুমোদনবিহীন পুনাক মেলা বন্ধের দাবি জানান সাংবাদিক নেতারা। সেই সঙ্গে নতুন কর্মসূচিতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের মেলা প্রাঙ্গণে ডাকেন ওই পুলিশ সুপার। তার ডাকে সাড়া দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর  প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ সাংবাদিকদের ধরে পিটিয়ে চামড়া তুলে নেওয়াসহ ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি দেন। এর প্রতিবিাদে আন্দোলনে নামেন জেলার কর্মরত সাংবাদিকরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!