প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২১, ৩:৪৩ অপরাহ্ণ
বেড়া পৌরসভা নির্বাচনে ৪ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

রাউজ আলী: পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র আব্দুল বাতেনসহ চার মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।গতকাল ২৮ নভেম্বর রোববার ইভিএম পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পাবনা জেলার সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বেড়া পৌরসভার মোট ১৮ কেন্দ্রের মোট ভোটার ৪২ হাজার ৯১০ জন। সেখানে মেয়র পদের ৫ প্রার্থী মিলে পেয়েছেন ৩০ হাজার ৬৪ ভোট।
ফলাফল অনুযায়ী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন পেয়েছেন ২১ হাজার ৮৮৩ ভোট। বেড়া উপজেলার আওয়ামীলীগের বহিস্কৃত সভাপতি বর্তমান মেয়র আব্দুল বাতেন নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট। আওয়ামীলীগের বহিস্কৃত সদস্য এএইচএম ফজলুর রহমান মাসুদ রেল ইঞ্জিন প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী কেএম আব্দুল্লাহ জগ প্রতীকে পেয়েছেন ৮১৭ ভোট এবং এসএম সাদিয়া আলম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২২৫ ভোট। শতকরা ৭০ ভাগের উপর ভোট পড়েছে।
পাবনা জেলার সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান আরও জানান, প্রদত্ত ভোটের শতকরা আট শতাংশ ভোট অর্থাৎ ৩ হাজার ৭৫৪ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সে ক্ষেত্রে বর্তমান মেয়র আব্দুল বাতেন, এএইচএম ফজলুর রহমান মাসুদ, কেএম আব্দুল্লাহ এবং এসএম সাদিয়া আলমের জামানত বাজেয়াপ্ত হয়েছে। উল্লেখ্য এডভোকেট আসিফ শামস রঞ্জন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ায় বেড়া পৌর এলাকাজুড়ে বইছে খুশির জোয়ার
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.