প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২১, ১১:০৫ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গায় ছেলের হাতে মা খুন

মোঃ তারিকুর রহমান চুুয়াডাংগা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় আপন মাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে পাষণ্ড ছেলে মুকুল। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাষণ্ড ছেলে মুকুল (৩০) পুলিশের হাতে আটক হয়েছে। সে পিরোজখালি গ্রামের আহসান হাবীবের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহকে কেন্দ্র করে শনিবার বিকালে ভাত খাওয়ার সময় মা জবেদা খাতুনের সাথে ছেলে মুকুলের কথা কাটাকাটি হয়।
এ সময় মুকুল উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মা জবেদা খাতুন (৪৫)-কে এলোপাতাড়ি কোপায়। এতে রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এলাকাবাসী মুকুলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মুকুলকে আটক করে সদর থানায় নিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, মুকুল প্রায়ই টাকার জন্য তার মাকে মারধর করতো।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.