
সিলেট প্রতিনিধি: ব্যবসার জন্য বিনিয়োগ করে ব্যক্তি আক্রোশে মামলা করে হয়রানী ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ করেছেন বিট্রিশ হোমস লিমিটেডের সাবেক পরিচালক এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নয়াই দক্ষিণভাগের বাসিন্দা প্রবাসী আবুল কালাম। শনিবার (১৩ নভেম্বর) বেলা ২টায় সিলেট জেলা প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে একই কোম্পানীর তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান ইব্রাহিম আলী, পরিচালক নজমুল খান ও রফিক আলীর বিরুদ্ধে ব্যক্তি আক্রোশে মামলা দায়েরের অভিযোগ করে আবুল কালাম বলেন-সিনিয়র ভাইস চেয়ারম্যান ইব্রাহিম আলী, পরিচালক নজমুল খান ও রফিক আলীর ইন্ধনে গোলাপগঞ্জ উপজেলার রণকেলী গ্রামের মৃত ইজ্জাদ আলীর ছেলে ফজলুল ইসলামকে দিয়ে আমি আবুল কালাম ও আরেক পরিচালক ও কোম্পানীর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কালাম বলেন, ২০১০ সালে বিট্রিশ হোমস লিমিটেড নামে কোম্পানি যা পরবর্তিতে বিট্রিশ হোমস ইন নামে রূপ পায়। মামলাকারী চক্রের মূলহোতা কোম্পানীর সিনিয়র ভাইস চেয়ারম্যান ইব্রাহিম আলীর সভাপতিত্বে বোর্ড মিটিং এর মাধ্যমে আব্দুল কায়ূম ও মাহমুদ হোসেন তাদের নিজ দায়িত্ব থেকে সেচ্ছায় পদত্যাগ করেন।
অর্থ বিনিয়োগ করা হলো বিট্রিশ হোমস (প্রাইভেট) লিমিটেড কোম্পানিতে যার কোন উল্লেখ না করে বিষয়টি আড়ালে রেখে ফ্লাট বাড়ীর নামে অপপ্রচার করে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা (সিআর নং ৩৭৯/২০১৯) দায়ের করে হয়রানী করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়।
এদিকে ওই মামলার তদন্ত প্রতিবেদনে পিবিআই সিলেটের উপ-পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পাল গত বছরের ৮ আগস্ট ব্যবসার বিনিয়োগের কারণে লেনদেন হয়েছে মর্মে উল্লেখ করা হয়। আবুল কালাম এ ব্যাপারে সঠিক বিষয়টি উপস্থাপনের জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগীতা চেয়েছেন। সংবাদ সম্মেলনে কোম্পানীর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হোসেনও উপস্থিত ছিলেন।