
লতিফ রানা : নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসাবাড়িতে আবারো গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ নভেম্বর) ভোরে ফতুল্লার লালখাঁর মোড় এলাকার মোক্তার মিয়ার পাঁচতলা ভবনের নিচতলায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণের ঘটনায় মায়া রানী (৪০) ও মঙ্গলী রানী (৩৫) নামক দুই নারী নিহতের ঘটনা ঘটেছে।
এর মধ্যে মায়া রানী পাশের সুমির বাড়ির ভাড়াটিয়া এবং মঙ্গলা রানী পথচারী। এই ঘটনায় কমপক্ষে ১৫জন আহত হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণে ওই ফ্ল্যাটের ৫টি কক্ষসহ পাশের আরও দুটি বাড়ির দেয়াল ধবসে গেছে। আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে জেলা প্রশাসন থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ভোর ৬টার দিকে বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ফ্ল্যাটের পাঁচটি কক্ষসহ পাশের তিনটি বাড়ির তিনটি কক্ষের দেয়াল উড়ে গেছে। বিস্ফোরণের সময় মায়া রানী ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যায়। তার দুই মেয়ে বৃস্টি (১৪), সৃস্টি (১০) ও এক ছেলে নির্জয় (৩)সহ জুমা (২১), রুমা (১২), সোহেল (২৬), তুলশি (৫০) ও দেড় বছরের শিশু বিশালী আহত হয়। তাদেরকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
বিস্ফোরণের সময় মঙ্গলী রানী তার মেয়ে পুর্ণিমাকে নিয়ে হেটে যাচ্ছিলেন। তখন দেয়ালের ধ্বংসাবশেষ উড়ে এসে তাদের উপর পড়লে মঙ্গলী গুরুতর আহত হয় এবং মেয়ে পুর্ণিমা মাথায় ও পায়ে আঘাত পায়। তাদেরকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলী রানী মারা যায় এবং পূর্নীমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
ঘটনায় সুমির বাড়ির ভাড়াটিয়া বিনয়, তার স্ত্রী নিপা ও তাদের দুই শিশু সন্তান ঘুমন্ত অবস্থায় দেয়াল চাপা পড়ে বিনয় ও তার শিশু কন্যা মাথায় আঘাত পায়। তার স্ত্রী ও আরেক শিশু পুত্রও সামান্য আঘাত পায়।এই ঘটনায় একই পরিবারের ছয় জন তুলসী রানী (৫৫), তার মেয়ে ঝুমা রানী (১৯), মনি রানী (২০), সুধন (৩৪), সোহেল (১৪), ও সৌরভ (২২) অগ্নিদগ্ধ হয়। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে তুলসী রানী ও ঝুমা রানীকে ভর্তি করা হয়। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
ঢাকা মেডিকেল এর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ফতুল্লা লালখার মোড় এলাকা থেকে অগ্নিদগ্ধ একই পরিবারের ৬ জনকে এখানে নিয়ে আসে। তাদের মধ্যে চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় ও দু’জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন জানান, ফতুল্লা থেকে গ্যাস বিস্ফোরণ হয় ৬ জনকে এখানে নিয়ে আসা হয়। তাদের মধ্যে তুলসী রানীর শরীরের ২০ শতাংশ ও ঝুমা রানীর শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদেরকে ভর্তি করা হয়। এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। তাদের মধ্যে ঝুমা রানীর অবস্থা আশঙ্কাজনক।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, দুই নারী নিহত হয়েছে। ৮জন ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও কয়েকজন আহত হয়েছে তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
বিস্ফোরণের বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফ্লাটের কোন কক্ষে রান্নাঘরের গ্যাস জমে ছিল। তা থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, এই ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি তদন্তের পর তাদের রিপোর্টের উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা