
সিলেট প্রতিনিধি: ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক বৈধভাবে চলাচলের অনুমোদনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে রেজিস্ট্রারী মাঠ থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
বিশিষ্ট শ্রমিক নেতা ইদ্রিস আলীর সভাপতিত্বে ও শ্রমিক নেতা আসকার আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার উপদেষ্টা মোঃ আক্কাছ আলী।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন আনাই, নজরুল ইসলাম, শ্রমিক নেতা প্রকাশ আচার্য্য, আব্দুল হাকিম, সংরাম, নাছির আহমদ, নূর মোহাম্মদ, জুলহাস, আলম মিয়া, ইউনুছ মিয়া, কামাল আহমদ, আবুল হোসেন প্রমুখ। সভায় বক্তারা ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক বৈধভাবে চলাচলের অনুমোদন দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুর ইসলাম চৌধুরী বরাবর স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে বলা হয়, সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক ও শ্রমিকরা অনেক দিন ধরে সরকারের কাছে বৈধভাবে নাম্বার প্লেট দিয়ে রিক্সা চলাচলের জন্য দাবি করে আসছেন।
মালিক শ্রমিকরা বিভিন্ন সংস্থা থেকে ঋণ ও কিস্তিতে রিক্সা ক্রয় করে সংসার চালিয়ে যাচ্ছেন। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে বাংলাদেশের শ্রমিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সময় সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে মালিক ও শ্রমিকদের। ব্যাটারী চালিত রিক্সা/ ইজিবাইকের সাথে সিলেট মহানগরীর প্রায় ১৫-২০ হাজার মানুষ জড়িত। এমতাবস্থায় ব্যাটারী চালিত রিক্সা বন্ধ করে দিলে মানুষগুলো বেকার হয়ে পড়বে। দরিদ্র মানুষগুলি বেকার হয়ে গেলে তারা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্বাধীনতার ৫০ বছর হলেও আজও রিক্সা চালকরা মানুষ হয়ে মানুষ টানে।
বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠলেও এতে রিক্সা চালকদের উন্নয়নের কোন ছোয়া লাগেনি। ডিজিটালের অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে ব্যাটারি চালিত রিক্সায় ঘুরে বেড়িয়েছেন এবং রিক্সা চালককে পুরস্কৃত করেছেন। এর অংশ হিসাবে সিলেট সিটি কর্পোরেশনে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি দিলে স্বল্প আয়ের মানুষ উপকৃত হবেন। ব্যাটারি চালিত রিক্সা বাংলাদেশের অন্যান্য জেলায় অবাধে চলাচল করলেও আমাদের সিলেটে কেন ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে পারবেনা।
উল্লেখিত বিষয় বিবেচনা করে শ্রমজীবী মানুষের স্বার্থে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক চলাচলের অনুমতি প্রদানের জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, আঞ্চলিক শ্রম দপ্তর সিলেটের উপ-পরিচালক বরাবরে স্মারকলিপি পেশ করেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের