প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২১, ৬:০৬ অপরাহ্ণ
নাটোরের লালপুরে ভেজাল গুড় উৎপাদন করায় লাখ টাকা জরিমান

মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের লালপুরে ভেজাল গুড় উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আনোয়ারা বেগম নামে এক গুড় উৎপাদককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার রাতে লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল গুড় উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযুক্ত আনোয়ারা বেগম নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, রোববার সন্ধ্যায় ওই গ্রামে অভিযান পরিচালনা করে আনোয়ারা বেগমের কারখানা থেকে ২১ হাজার কেজি ভেজাল গুড়, এক হাজার কেজি লালি গুড়, দেড় হাজার কেজি চিনি, ২০ কেজি ডালডা এবং ৩০ কেজি ফিটকিরি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যবসায়ী ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন করে আসছিলেন।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আখতার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উল্লেখিত অর্থদন্ড প্রদান করেন। অভিযুক্ত ব্যবসায়ী জরিমানার অর্থ প্রদান করে দায় থেকে অব্যাহতি লাভ করেন। এছাড়া জব্দকৃত চিনি নিলামে ৮৪ হাজার টাকায় বিক্রি করে সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.