
হারুন উর রশিদ সোহেল,রংপুর": রংপুরের পীরগাছায় শরীরের চর্মরোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গলায় ওড়না পেঁচিয়ে মফিজা বেগম (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যার করেছে। সে ওই গ্রামের নুর আলম মিয়ার স্ত্রী। বুধবার দুপুরে পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের ছোট দিঘটারী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মফিজা বেগম দীর্ঘদিন ধরে চর্মরোগে ভুগছিলেন। গত কয়েক দিন ধরে তার রোগের মাত্রা বেড়ে যায়। বুধবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়েন মফিজা বেগম। এসময় স্বামী নুর আলম কৃষিকাজের জন্য বাড়ির বাহিরে ছিলেন।
বাড়িতে অন্যদের অনুপস্থিত থাকার সুযোগে চর্মরোগের জ্বালা সহ্য করতে না পেরে ঘরের বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মফিজা বেগম। পরে তার ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রির্পোট করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার এসআই রিয়াজুল ইসলাম। তিনি জানান, নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। চর্মরোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।