প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২১, ৪:৩৮ অপরাহ্ণ
ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সচেতনতামূলক সভা

আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের ভোটমারীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার ভোটমারী স্টেশন চত্বরে লিফলেট বিতরণ ও আলোচনা সভা করেছে তারা। লালমনিরহাট রেলওয়ে থানার ওসি বাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘চলতি বছর পাথর নিক্ষেপের অভিযোগে অনেক তরুণকে আটক করা হয়েছে। ট্রেনে পাথর নিক্ষেপে জড়িতদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাথর নিক্ষেপ রোধে ইতিমধ্যে কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কেউ যদি পাথর ছোড়ার ছবি তুলে আমাদের পাঠাতে পারেন বা সুনির্দিষ্ট তথ্য দিতে পারেন, তাহলে আমরা সংবাদদাতাকে পুরস্কার দেব।’
সম্প্রতি ঢাকা বিভাগে ৭৬টি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বেড়েছে। এতে ১৫ যাত্রী আহত হন। এর মধ্যে টঙ্গী ও ভৈরব এলাকা বেশি ঝুঁকিপূর্ণ। তেজগাঁও ও টঙ্গীতেও ট্রেনে পাথর ছোড়ার বহু ঘটনা ঘটে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলন্ত ট্রেনে ১১০ বার পাথর নিক্ষেপ করা হয়েছে। এতে ট্রেনের ১০৩টি কাঁচ ভেঙেছে।
সচেতনতামূলক প্রচারাভিযানে উপস্থিত ছিলেন লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহারুল ইসলাম, এস আই সুলতান আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা মোঃ গোলাপ হোসেন, আলহাজ্ব আব্দুল জলিল মিয়া, ব্যবসায়ী আব্দুল লতিফ, ভোটমারী স্টেশন বুকিং এ দায়িত্বরত মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.