প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২১, ১১:১৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে ১ ঘণ্টার জন্য মেয়র হলেন এনসিটিএফ সদস্য হুমায়রা বিনতে হারুন

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরের কাছ থেকে এক ঘণ্টার জন্য দায়িত্ব গ্রহণ করে প্রতিকী মেয়রের দায়িত্ব পালন করেছেন হুমাইরা বিনতে হারুন (১৬)। সোমবার (১১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার মেয়রের কক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গার্লস টেকওভার কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) টাঙ্গাইল জেলা শাখা।সেখানেই এই প্রতিকী দায়িত্ব গ্রহণ করেন হুমাইরা।
এসময় পৌরসভার দাপ্তরিক নথিপত্রের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন বর্তমান মেয়র সিরাজুল হক আলমগীর ও দায়িত্ব গ্রহণ করেন ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি ও বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হুমাইরা বিনতে হারুন।
এসময় হুমাইরা বলেন, আজকের এই দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। এতে আমি আরও আত্মবিশ্বাসী এবং নিজের স্বপ্ন পূরণে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হয়েছি। এ নিয়ে মেয়র সিরাজুল হক আলমগীর বলেন, নারীদের বা আমাদের কন্যাদের একটু বেশি সুযোগ দিলে তারা অনেক কিছু করতে পারে। তাদের সুযোগ দেয়া প্রয়োজন।তিনি আরও বলেন, আজ আমার খুবই ভালো লাগছে এরকম একজন কন্যা মেয়রে চেয়ারে বসে তার অবস্থান থেকে বক্তব্য দিচ্ছে। এরকম বয়সে আমরা ঠিক কথাও বলতে পারতাম না। আজকে প্রতিকী মেয়র সাহেবের দাবি ও সুপারিশগুলো আমরা আমাদের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করবো এবং বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করবো।
এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ টাঙ্গাইল জেলার সভাপতি আব্দুল্লাহ দাউদ আলভী,যুগ্ম সম্পাদক ফয়সাল মাহমুদ শাওন,সাংগঠনিক সম্পাদক আহনাফ মোবাশশির,শিশু সাংবাদিক তাহিরা তাসনিম,শিশু সাংসদ(ছেলে)নাইম মির্জা, শিশু সাংসদ(মেয়ে)সামিয়া ইসলাম রোজা,শিশু গবেষক(মেয়ে)হাবিবা বিনতে হারুন, ডিস্ট্রিক্ট,ভলান্টিয়ার নুসরাত হাসান, মেহেদী হাসান, পৌরসভার কাউন্সিলরও কর্মকর্তা বৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, গার্লস টেকওভার’ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল-এর একটি বৈশ্বিক কার্যক্রম। কন্যা শিশুরা সমান সুযােগ এবং সমানাধিকার পেলে বদলে দিতে পারে তাদের নিজের জীবন, তাদের আশেপাশের সমাজ এবং সমাজের মানুষদের-এমন বিশ্বাস থেকেই ‘গার্লস টেকওভার কর্মসূচীর উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করে প্ল্যান ইন্টারন্যাশনাল।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.