
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: নভেম্বরের প্রথম সপ্তাহে শ্রেণিকক্ষে ক্লাস শুরু করার প্রস্তাব দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। পাশাপাশি করোনার ক্ষতি পুষিয়ে নিতে ৪ মাসে সেমিস্টার করারও প্রস্তাব দেওয়া হয়েছে৷ তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিন্ডিকেটে৷ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং সকল হলের প্রাধ্যক্ষকে সদস্য করে হল খোলার ব্যাপারে একটি কমিটিও গঠন করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক খোলা হবে। এর জন্য প্রস্তুতি চলছে৷ আজকের গঠিত কমিটি হলগুলো পরিদর্শন করে খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিবে৷ এই মাসের ২৮ তারিখ থেকে খোলার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে।
উল্লেখ্য, করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে৷ তবে বর্তমানে করোনা পরিস্থিতি অনুকূলে থাকায় বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা কার্যক্রম চলছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল