প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২১, ১১:০৮ পূর্বাহ্ণ
জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ তিনজন মৃত্যু

রবিউল হাসান লায়ন: জামালপুরের ইসলামপুরে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে দাদা ও নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামের ভোলা সরদারের ছেলে সুন্দর আলী (৬৫), জিব্রাইল সরদারের ছেলে রফিক সরদার (১৪) ও মোফাজ্জল হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৪৬)।
এরমধ্যে নিহত সুন্দর আলী দাদা ও রফিক তাঁর নাতি বলে জানা গেছে। রবিবার (৩ অক্টোবর) বিকেলে কান্দারচর গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, বিকেল ৩টার দিকে বাড়ির পাশে দাদা-নাতি ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে একইসময় মোশারফ হোসেন বজ্রপাতে আহত হলে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.