প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২১, ১১:৩০ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে আপন চাচা ভাতিজার পাল্টাপাল্টি মামলা

শাহজাহান সিরাজ: সুন্দরগঞ্জের উত্তর ধুমাইটারী এলাকায় পারিবারিক কলহের জেরে আপন চাচা ভাতিজার পাল্টাপাল্টি মামলা। যেকোন সময় ভাতিজা কর্তৃক আবারো সংঘর্ষের আশংকা করছে সচেতন এলাকাবাসী। জানাগেছে, উত্তর ধুমাইটারী এলাকার মৃত নছির উদ্দিনের পুত্র আব্দুর রহমান ও আবুল হোসেনের সাথে পারিবারিক কলহের জের ধরে মৃত. গিয়াস উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম দুলাল, আবু বক্করের পুত্র হাফিজার রহমান, মৃত. বাবু মিয়ার পুত্র দুদু মিয়া গংরা পরিকল্পিতভাবে আপন চাচা ও রক্তের আত্মীয়কে মারপিট করে এবং নগদ অর্থ ছিনিয়ে নেয়।
পরে ন্যাক্কারজনক এ ঘটনায় চাচা আব্দুর রহমান বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত সুন্দরগঞ্জকোর্টে ভাতিজা শফিকুল ইসলামকে ১ নং আসামী করে একটি পিটিশন মামলা করেন যার নম্বর- ২৮০/২১, তারিখ: ১২/০৮/২১ ইং। এতে ক্ষিপ্ত হয়ে দেখে নেয়ার হুমকি ধামকি দিয়ে ভাতিজা শফিকুল ইসলাম তার বোন লাকী বেগমকে দিয়ে ১৮/০৮/২০২১ ইং তারিখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত-১ গাইবান্ধায় চাচা আব্দুর রহমানসহ ১২ জনকে আসামী করে পিটিশন মামলা করেন যার নম্বর-৩২১/২০২১ইং।
এরপর ভাতিজা শফিকুল ইসলাম নিজে বাদী হয়ে তার আপন চাচা আব্দুর রহমানসহ ৫জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় টাকা ছিনতাই ও মটর সাইকেল ভাংচুরের মামলা করেন, যার নম্বর-০৫, তারিখ : ০২/০৯/২১ ইং। এ মামলায় চাচা আব্দুর রহমানসহ সবাই জামিনে এলে আবারো ভাতিজা শফিকুল ইসলাম নানাভাবে তাদেরকে হুমকি ধামকি দিচ্ছেন এবং একের পর এক মিথ্যা মামলায় ফেলে চাচাসহ নিকটাত্মীয় সবাইকে সর্বশান্ত করার ষড়যন্ত্র আর অপচেষ্টা করছেন বলে জানান চাচা আব্দুর রহমান। এসব মামলা আর পাল্টা মামলার ঘটনায় বিব্রত হয়ে স্থানীয় সুধীজন ও গন্যমান্য ব্যক্তিরা অভিযুক্ত ভাতিজা শফিকুল ইসলামকে বিষয়গুলো মিটিয়ে নেয়ার কথা বলতে গেলে তাদেরকেও তিনি মামলায় ফেলে আপন চাচাজেঠাকে সর্বশান্ত করার হুঙ্কার দেন।
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে ভাতিজা শফিকুল ইসলাম বলেন, যেহেতু মামলা মোকদ্দমার ব্যাপার, এগুলো মোবাইলে বলা যাবে না। তার চাচা আব্দুর রহমানের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান, ওরা যা করেছে সবি মিথ্যা, আমি যা করেছি সব সত্যি। যেকোন সময় ভাতিজা কর্তৃক আবারো সংঘর্ষের আশংকা করছে সচেতন এলাকাবাসী, এ বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করে বলেন, উল্টো চাচারাই তাকে ও তার বোনকে নানা হুমকি দিচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.