প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২১, ২:৩৪ অপরাহ্ণ
স্বামীর অনুপ্রেরণায় লাখপতি উদ্যোক্তা হাবিপ্রবি’র শিক্ষার্থী অনু

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ মহামারী করোনার সময় ঘরবন্ধী জীবনকে কাজে লাগিয়ে স্বামীর অনুপ্রেরণায় লাখপতি উদ্যোক্তা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলিজা সাবরিন অনু। হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রংপুর বিভাগের বৃহত্তম ই-কমার্সভিত্তিক গ্রুপ ‘হ্যালো রংপুর’ লাখপতি উদ্যোক্তা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও পুরষ্কার এলিজা সাবরিন অনু'র হাতে তুলে দেয়।
উদ্যোক্তা হওয়ার প্রথমদিকের কথা জানতে চাইলে এলিজা সাবরিন অনু বলেন, ‘করোনায় বন্দী সময়টা সবার মতো আমারও অনেক অলসভাবেই কাটছিল। তখন বেশ খানিকটা সময় আমি ‘ওমেন এ্যান্ড ই-কমার্স ফোরাম’-এ দেই। আর সেখান থেকেই আমার উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি হয়। এছাড়া ছোটকালে মায়ের কাছ থেকে শেখা সেলাই আর ডিজাইন নিয়েই কাজ শুরু করি।
অনু জানান, তিন মাস ঘরে বসে সময় নষ্ট হলেও জুন ২০২০ এর দিকে এসে আমার পেইজ ‘Twinkle Boutique’-এর পথচলা শুরু হয়। শুরুতে তেমন একটা গ্রাহক পাইনি। তবে গত ৬ জুলাই ২০২০-এ আমি প্রথম অর্ডার পাই। তারপর থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দুই মাসে আমি ‘লাখপতি’ এবং গত একবছরে পণ্য বিক্রি করেছি প্রায় ৮ লাখ টাকার উপরে।
তিনি আরও বলেন, ‘এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার জীবনসঙ্গী ডা. স্বাধীন বিন আমিনের সহযোগিতা আর আমাদের অক্লান্ত পরিশ্রমের জন্য। যারা আমার কাছ থেকে পণ্য ক্রয় করেছেন তাদের সকলের কাছেই আমি কৃতজ্ঞ’ কৃতজ্ঞতা স্বীকার করেন অনু। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘সামনে এগিয়ে যেতে চাই সেইসাথে ‘Twinkle Boutique’কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। করোনার বন্দী সময় অভিশাপের হলেও সঠিকভাবে কাজে লাগাতে পারায় আমার কাছে এই সময়টাই আশীর্বাদ হয়ে এসেছে।’
এব্যাপারে হ্যালো রংপুর গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা আবুল বাশার তাদের কার্যক্রম সম্পর্কে বলেন, আমাদের গ্রুপ থেকে যেসকল তরুণ উদ্যোক্তা গত দেড় বছরে লাখ টাকার উপরে পণ্য বিক্রি করেছেন তাদের আমরা সম্মানিত করার চেষ্টা করেছি। এর অংশ হিসাবে আমরা ২৫ জন তরুণ উদীয়মান উদ্যোক্তাদের পুরস্কৃত করেছি। আগামীতে আমরা তরুণ উদ্যোক্তাদের নিয়ে নতুন নতুন পরিকল্পনা হাতে নিতে যাচ্ছি যা সময়ের সাথে সাথে দৃশ্যমান হবে।
এবিষয়ে হ্যালো রংপুর গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ সুমন মিয়া বলেন, মূলত রংপুরের তরুণ উদ্যোক্তাদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে আমরা এমন উদ্যোগ হাতে নিয়েছি। এতে করে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে যা আগামীতে দেশের অর্থনীতিতে অবদান রাখবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.