
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওর জেরে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের শাস্তি চেয়ে বিক্ষোভ অব্যাহত
রেখেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর বিভিন্ন স্থানসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সড়কে টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভে মেয়রের পদ কেড়ে নেয়া, আওয়ামীলীগ থেকে বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেয়ার দাবি তুলছেন তারা।
বেলা চারটার দিকে টঙ্গীবাজার, স্টেশন রোড, রেল স্টেশন, চেরাগ আলী, হোসেন মার্কেট, বোর্ড বাজারে অবরোধ করেন নেতা-কর্মীরা। এতে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটে ভূগান্তিতে পরে সাদারণ মানুষ। নেতা-কর্মীরা সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট বক্তব্য দাবি করে বলছেন, তাদের দাবি পূরণ না হলে তারা বিক্ষোভ প্রত্যাহার করবেন না। টঙ্গীর চেরাগআলী এলাকায় কয়েকশ নেতা-কর্মী নিয়ে মহাসড়ক অবরোধ করেন ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু। এ সময় তিনি বলেন, ‘জাতির পিতার আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি।
সেই মহান নেতাকে নিয়ে সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের কুরুচিপূর্ণ ও আশালীন মন্তব্যে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সিটি করপোরেশনকে গরিব-দুঃখী মানুষের উন্নয়নের কল্যাণ বাস্তবায়নের লক্ষে সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করা হয়েছে। আর সেই মেয়রের কারণে মানুষ আজ রাস্তায় নেমেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বলে, টঙ্গী তথা গাজীপুরের মানুষ কোনো ভাবেই মেনে নিতে পারছেনা,
কোনোভাবেই সহ্য করতে পারছেনা, মেয়র জাহাঙ্গীর আলমের পদত্যাগ ও বিচারের আওতায় আনা হোক এবং অবিলম্বে বহিষ্কারের দাবি জানান। তিনি আরো বলেন, টঙ্গী এলাকার উন্নয়নের কাজের জন্য হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে কিন্তু একটি উন্নয়নও করা হয়নি, এই রাজস্ব আদায়ের হাজার হাজার কোটি টাকা মেয়র জাহাঙ্গীর আলম লুটপাট করে খেয়েছেন। তিনি বলেন, আমাদের আস্থাভাজন শহীদ আহসান উল্লাহ মাস্টারের সুযোগ্য সন্তান বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি মহোদয়ের বিরুদ্ধে দুঃসাহসিকত মন্তব্য করেছেন।
শুধু তাই নয় তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান সাহেবকে নিয়েও মন্তব্য করেছেন, তিনি এই দুঃসাহসিক মন্তব্য করায় তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং তাকে দল থেকে বহিষ্কার করতে হবে বলে। অপরদিকে টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু বলেন, মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদকে নিয়ে অসম্মানজনক বক্তব্যের কারণে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর তার স্বপদে থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন। বঙ্গবন্ধু এবং দেশমাতৃকার প্রশ্নে এক বিন্দু ছাড় নয়।’ টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাসির উদ্দিন বলেন,
‘জাহাঙ্গীর আলম মেয়র হওয়ার পর থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগকে কীভাবে ধ্বংস করা যায়, নেতা-কর্মীদের কীভাবে হেয় প্রতিপন্ন করা যায় সেই অপচেষ্টা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় জাতির পিতাকে নিয়ে এবং মহান মুক্তিযুদ্ধ নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়েছেন। তাই আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা রাজপথে আন্দোলনে নেমেছি। অবিলম্বে তাকে দলের সাধারণ সম্পাদক ও মেয়র পদ থেকে বহিষ্কারের দাবি জানাই। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় মেয়র জাহাঙ্গীর আলম তিনি দাবি করেছেন,
যে ভিডিও ছড়িয়েছে, তার পুরোটাই বানোয়াট। ‘সত্যটা’ জানিয়ে তিনি বলেছেন, যারা এই ভিডিও ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। অনলাইনে যারা এখনও ভিডিওটি পোস্ট করে রেখেছেন, তাদের সেটি সরিয়ে দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। মেয়রের দাবি, বঙ্গবন্ধুকে তিনি অন্তরে ধারণ করেন। তার অস্তিত্ব এবং ভালোবাসা হলেন তিনি। গাজীপুরের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এই বানোয়াট ভিডিও ছড়ানো হয়েছে দাবি করে তিনি বলেন, ‘যারা এই অন্যায় কাজ করছে আমি আইনের সহযোগিতা নিয়ে, যারা বিজ্ঞ আইনজীবী তাদের পরামর্শে আইনগত ব্যবস্থা নেব।’ ফেসবুকে যারা ভিডিওটি ছড়াচ্ছেন তাদেরকে সেটি ডিলিট করে দেয়ার পরামর্শও দেন মেয়র জাহাঙ্গীর।
গত মঙ্গলবার ভাইরাল হওয়া ভিডিওটির প্রথম দিকে মেয়র জাহাঙ্গীরকে নীল রঙের জামা পরে চেয়ারে বসে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। ভিডিওটির প্রথম দিকে মেয়রকে দেখা গেলে বাকি অংশে শুধু অডিও বক্তব্য শোনা যায়। কিছু কিছু অংশ ছিল অস্পষ্ট। ভিডিওটি কে বা কারা কবে ধারণ করেছেন, সেটি জানা যায়নি। কারাই বা সেটি ফেসবুকে ছেড়েছে, সেটিও অজানা। ভিডিওটির শুরুতে মেয়র জাহাঙ্গীরকে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করতে শোনা যায়। তার দাবি, বঙ্গবন্ধু তার স্বার্থে এই বিষয়টি উল্লেখ করেছেন।
পাকিস্তান ভাঙার পেছনে রাষ্ট্রপতি হওয়ার বাসনা কাজ করেছে বলেও মনে করেন ক্ষমতাসীন দলের নেতা। তার ধারণা, বাংলাদেশ স্বাধীন না হয়ে ব্রিটেনের সঙ্গে থাকলে পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি থাকত এখানকার মানুষ। স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে রাজনৈতিক বিরোধের প্রসঙ্গে টেনে মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, ‘আমি রাসেল সাহেবকে এইখানে নিয়া ফালাইছি। আমি চাইছি রাসেল সাহেব ভুল করুক। আমি ইচ্ছা করেই চাইছি হেও মিছিলটাতে এটেন্ড করুক।’
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের প্রসঙ্গে তিনি বলেন, ‘আজমত উল্লাহ আমারে জীবনে মারার লাইগা লোক কন্টাক্ট করছে, সব করছে। এখন সে আমার কর্মী হইছে। …আমারে জিগায় কী করছ? আমারে কয়দিন জিগাইছে কী করো, কেমনে সম্ভব? হেও সব জানে না! আমি তো খেলা জিতছি।’ জাহাঙ্গীর বলেন, ‘আমি মন্ত্রীরে নিয়া মাথা ঘামাই না। জাহিদ আহসান রাসেল আছে না? তারে নিয়া আমি এক মিনিটও চিন্তা করি না।
খালি জাস্ট শুইনা রাখো, বিশ্বাস করার দরকার নাই। আমি চিন্তা করলাম সে তো মুদ্রার এপিঠ আর ওপিঠই। দরকারটা কী আমার এখানে, পরিবর্তনে কী হইব? এখানে পরিবর্তনের লাভ টা কার?’ গত তিন বছরেও গাজীপুর সিটি করপোরেশনে প্যানেল মেয়র নির্বাচন করা হয়নি। এ নিয়ে ব্যাপক সমালোচনাও চলছে। এ বিষয়ে ভিডিওটিতে মেয়রকে বলতে শোনা যায়, ‘প্যানেল মেয়র দেই না। দিলে কী হইব? আমারে কি কাউন্সিলররা মেয়র বানাইছে? আমার কি মেয়রগিরি যাইবগা? যেমন আমি এখানে প্যানেল মেয়র করি নাই। রাসেল এমপি অনেকরে মেয়র বানাইয়া দিতেছে, অনেকরে কাউন্সিলর বানাইয়া দিতেছে। প্রধানমন্ত্রী আরেকজনরে ভারপ্রাপ্ত দিব?’
বাংলাদেশের দুটি গোয়েন্দা সংস্থার কর্তাব্যক্তি তার নিকটাত্মীয় উল্লেখ করে জাহাঙ্গীর বলেন, ‘বাতাসটা আমার কাছে বইলা যায়।’ বিরোধী রাজনৈতিক শক্তি এমনকি হেফাজতের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার কথাও বলেন মেয়র জাহাঙ্গীর। তিনি বলেন, ‘আমি জামায়াতের সাথে চলি না? বিএনপির সাথে চলি না? অন্য পার্টি আছে না সবার সাথেই তো কথা বলি। এই যে আমার সাথে ঘণ্টা তিনেক আগেও বাবুনগরী (হেফাজতের প্রয়াত আমির) প্রায় ৪৭ মিনিট কথা বলছে। সে আসতে চায়। আমি কথা বলছি না? ধীরাশ্রম, ঝাঝর, চান্দরা আছে ৮/১০ বিঘা, দিঘিরচালা আছে ১৬ বিঘা, তেলিপাড়াও আছে। আমার এখানে সাড়ে তিন শ বিঘা জমি আছে।
এই নির্বাচনের সময়েও দশ হাজার কোটি টাকা আনছি।’ এই ভিডিও ছড়িয়ে পড়ার পর পরই বুধবার বিকেল থেকে গাজীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা মেয়রের বিরুদ্ধে আইনি ও দলীয় ব্যবস্থা নেয়ার দাবি তুলছেন। এ বিষয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান বলেন, মেয়র জাহাঙ্গীর যা বলেছেন তা রাষ্ট্র বিরোধী। এটা তারা কোনোভাবেই মেনে নেবেন না। গাজীপুর আওয়ামীলীগ মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জানিয়েছে তিনি বলেন, দলের শীর্ষ নেতাকেও বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল