প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২১, ৪:৩২ অপরাহ্ণ
বগুড়ায় বাউল গান গাওয়ায় কিশোর শিল্পীর মাথা ন্যাড়া করার অভিযোগ, আটক তিন !!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাউল গান করায় মেহেদী হাসান (১৬) নামের এক কিশোর শিল্পীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের হওয়ার পরে থানা পুলিশ রাত ১১টায় মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে। মামলার শিকার মেহেদী শিবগঞ্জ উপজেলার জুড়ি মাঝপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। মামলার বাদী মেহেদি নিজেই।
ওই ঘটনায় গ্রেফতার তিনজন একই এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে শফিউল ইসলাম (৫০) এনামুল হকের ছেলে মেজবাউল ইসলাম (৫২) ও বাদশার ছেলে তারেক রহমান (২০)। এছাড়াও মামলাটিতে অভিযুক্ত ও পলাতক রয়েছে আরও দু'জন। তারা হলেন, ফজলু মিয়া (৪০) ও আবু তাহের (৫৫)।
এজাহার সূত্রে জানা গেছে, আর্থিক অনটনের কারণে মেহেদী ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে স্থানীয় এক বাউল শিল্পীর সাথে গান শিখতে থাকেন। একপর্যায়ে গুরুকে অনুসরণ করে ওই কিশোর বাউল শিল্পীদের মতো বড় বাবরী চুল, সাদা ফতুয়া,লুঙ্গি ও গামছা পড়তে শুরু করে। পাশাপাশি তিনি তার বাউল গুরুর সাথে বিভিন্ন স্থানে অনুষ্ঠানে অংশগ্রহণ করে ও গান গেয়ে চারপাশে পরিচিতি পেতে থাকে৷
বিষয়টি মেনে নিতে না পেরে অভিযুক্তরা মেহেদী ও তার গান নিয়ে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য এলাকায় ছড়াতে থাকে। এনিয়ে বাউল ওই কিশোর প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে ও তার উপর হামলার হুমকি দেয়। এজাহার উল্লেখ করা হয়, গত শনিবার রাতে মেহেদী নিজ শোবার ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় অভিযুক্তরা তাকে ডাক দেয়। সে ঘরের দরজা খুলে দিলে শফিউল বাকিদের মেহেদীকে চুল কাঁটার মেশিন দিয়ে মাথার চুল কেঁটে দিতে বলেন। এ সময় শফিউল বলতে থাকেন, ওর মাথার চুল কেঁটে ন্যাড়া করে দিয়ে বাউল গানের সাধ মিটায় দে।
তার হুকুম পেয়ে হামলায় বাকি অভিযুক্তরা কিশোর ওই বাউল শিল্পীর মাথার সব চুল কেঁটে নিয়ে ন্যাড়া করে দেয়। একপর্যায়ে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। তবে বিষয়টি জানার পরে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত তিন অভিযুক্তকে গ্রেফতার করে।
শিবগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, বাউল শিল্পীর উপর এভাবে হামলা হওয়ার বিষয়টি দুঃখজনক। অভিযোগ পাওয়ার পরে মাত্র কয়েক ঘণ্টার অভিযান এ আমরা তিনজনকে গ্রেফতার করেছি। জড়িত বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.