
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে সিদ্দিকুর রহমান সিকদার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চার সন্তানের জননীকে যৌন নিপীড়নের অভিযোগে গৃহবধূ নিজে বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন। থানা পুলিশ যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তকে রাতেই আটক করেছেন। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাতে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামে এ ঘটনাটি ঘটে বলে মামলা সূত্রে জানা যায়।
অভিযুক্ত সিদ্দিক শুক্তাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি ও কেওতা গ্রামের মৃত মোহাম্মদ আলী সিকদারের ছেলে। মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কেওতা মাদ্রাসার সামনের একটি দোকানে বিকাশ থেকে টাকা তুলতে যান ভুক্তভোগী ওই নারী। এ সময় অভিযুক্ত সিদ্দিক তাকে কাজ শেষে কথা শুনতে বলেন। সিদ্দিকের স্ত্রী তার সাথে কথা বলবেন বলে কৌশলে নিজের ঘরে ওই নারীকে নিয়ে যায় সিদ্দিক।
এ সময় ঘরে কেউ ছিলনা। পরে সিদ্দিক ঘরের দরজা বন্ধ করে ওই নারীর শ্লীলতাহানি ঘটায় এবং ধর্ষণের চেষ্টা করেন । এ সময় পানি খাওয়ার কথা বলে কৌশলে সিদ্দিকের ঘর থেকে বেড়িয়ে আসেন ওই নারী। এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গৃহবধূকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতেই ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়