প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২১, ১:৪৪ অপরাহ্ণ
বগুড়ার গাবতলীতে ইব্রাহীম নামে এক যুবককে গলাকেটে হত্যা

এম,এ রাশেদ,বগুড়া জেলাপ্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় ইব্রাহীম (২৪) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। ১৪- ই সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার মধ্যরাতে উপজেলার নিশিন্দারা গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে।
নিহত ইব্রাহীম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার খামারগাতি গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি বগুড়ার শেরপুর উপজেলার একটি চাতালে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় শেরপুর থেকে চাতাল মালিকের মোটরসাইলে নিয়ে বের হন ইব্রাহীম। পরে তিনি আর ফিরে আসেননি। মধ্যরাতে গাবতলী উপজেলার নিশিন্দারা গ্রামে একটি পরিত্যক্ত ইটভাটায় তাকে গলাকেটে হত্যার চেষ্টা করে একদল দুর্বৃত্ত।
ওই সময় গুরুতর আহত (গলায় জখম) অবস্থায় দৌঁড় দিতে গিয়ে ইটভাটা সংলগ্ন রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয়দের দেয়া খবরে তাকে ওই অবস্থা থেকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬ টার দিকে তার মৃত্যু হয়। জানতে চাইলে ওসি মো. জিয়া লতিফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় এখনো মামলা করা হয়নি। জড়িতদের চিহ্নিত ও আটকের চেষ্টা চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.