প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২১, ১:১৪ পূর্বাহ্ণ
কালিহাতীর ইউপি চেয়ারম্যান কারাগারে

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে কালিহাতী-ধনবাড়ী আমলী আদালতের বিচারক শামসুল আলম তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন ।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ট্রাকে লোড আনলোডের অস্থায়ী স্টেশনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুলি সর্দার আকবর আলীর সঙ্গে গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদারের বিরোধ চলছিল।
সেই বিরোধকে কেন্দ্র করে গত বছরের ৬ অক্টোবর আকবর আলীকে মারধর করা হয়। ওই দিন বিকেলেই কুলি সর্দার আলী আকবরের ছোট ভাই আবু বক্কর বাদী হয়ে ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারকে প্রধান আসামি করে ২০ জনের নামে মামলা দায়ের করেন।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, মারামারি মামলায় মেডিক্যাল রিপোর্ট (এমসি) প্রাপ্তি সাপেক্ষে গত বছরের ১৩ অক্টোবর থেকে চেয়ারম্যান হযরত আলী তালুকদার জামিনে ছিলেন। (সোমবার) চেয়ারম্যান আদালতে হাজির হলে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.