হোম » সারাদেশ » করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য স্বপনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য স্বপনের মৃত্যু

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তুরস্কের ইস্তাম্বুলের মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসিবুর রহমান স্বপনের একান্ত সহকারী ও শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার।
হাসিবুর রহমান স্বপন শাহজাদপুর পৌর এলাকার ২নং ওয়ার্ডের পাঠানপাড়া মহল্লার মরহুম আতোয়ার রহমান ও মরহুম হালিমা বেগমের সন্তান। এরআগে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এমপির ব্যক্তিগত সহকারী আশিকুল হক দিনার জানান, আগামীকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) তার মরদেহ বাংলাদেশে আনা হবে। এরপর শাহজাদপুরে নিজ নির্বাচনী এলাকায় জানাজা শেষে দাফন করা হবে।

তিনি জানান, চলতি বছর ফেব্রুয়ারিতে তুরস্কের একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করেন এমপি স্বপন। সফল অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে ১২ জানুয়ারি দেশে ফেরেন তিনি। এ অবস্থায় গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে গত ২৯ আগস্ট তাকে আবারও তুরস্কে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি।

হাসিবুর রহমান স্বপন আশির দশকে পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃত্ব  দেন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঐক্যমতের সরকার গঠনের ডাক দিলে তিনি তাতে যোগ দিয়ে শিল্প উপ-মন্ত্রীর দায়িত্ব পান। সে সময় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করলে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

এরপর ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি মৃত্যুর আগ পর্যন্ত শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হাসিবুর রহমান স্বপনের জন্ম ১৬ জুন ১৯৫৬ পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে। এদিকে, হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের সব নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!