প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২১, ১২:৪০ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে আখের বাম্পার ফলন, দাম নিয়ে শঙ্কায় চাষিরা

জেএম.মমিন, ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনে এবছর আখের বাম্পার ফলন হলেও দাম নিয়ে শংঙ্কায় পড়েছেন চাষিরা ৷ বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে আখের উৎপাদন বেশি হয়েছে। চলতি বছর এ উপজেলায় ১৩৫ হেক্টর জমিতে পাঁচ হাজার ৪০০ মেট্রিক টন বিভিন্ন জাতের আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অমৃত, রং বিলাশ, ঈশ্বরদি-২০৬ জাতের আখের গড়ে হেক্টর প্রতি উৎপাদন হয়েছে ৪০-৪৫ টন। উপজেলার সাচড়া গ্রামের চাষি আচমত আলী জানান, তিনি ২০ শতাংশ জমিতে প্রায় ৩০ হাজার টাকা খরচ করে আখ চাষ করেছেন। ক্ষেতে রোগ ও পোকা-মাকড়ের আক্রমণ না থাকায় আখের ভালো ফলন হয়েছে। মৌসুমের শুরুতে তিনি বাজারে এনে আখ বিক্রি করায় দামও ভালো পাচ্ছেন ৷
চরগঙ্গাপুর গ্রামের লাল মিয়া জানান, আখ চাষে অন্য বছরের চেয়ে তার খরচ একটু বেশি হয়েছে ৷ এবং ফলন ভালো হলেও তার জমিতে পোকা মাকড়ের আক্রমন বেশি হওয়ায় লোকসান হবে বলে জানান ৷ একই গ্রামের মোঃ ছিদ্দিক, নাগর আলী ও রফিজল হক জানান, আখ চাষ করলে অল্প খরচে বেশি লাভবান হওয়া যায়। কিন্তু ঠিকমতো পরিচর্যা করতে হয়। তাদের ফলন মোটামুটি ভালো হয়েছে ৷ তবে ন্যায্য দাম পেলে তারা লাভবান হবেন ৷ অন্যথায় আখের দাম কম থাকালে লোকসান গুনতে হবে বলে জানান ৷
আখের রস বিক্রেতা আক্তার হোসেন জানায়, মৌসুমের প্রথম দিকে আখের দাম একটু বেশি ৷ এখন রসের চাহিদাও একটু ভালো ৷ কিছু দিন পর দাম কমে যাবে ৷ এক গ্লাস আখের রস দশ টাকা করে বিক্রি করি ৷ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো:ওমর ফারুখ জানান,আখ চাষ একটি লাভ জনক । লাল পচা রোগ ছাড়া তেমন জটিল রোগ নেই এ ফসলে। বর্তমানে আমরা এ উপজেলায় চিবিয়ে খাওয়ার উপেযোগী জাতের আখ চাষের জন্য চাষীদের উদ্বুদ্ধ করছি।
উল্লেখ্য, ভোলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে, এবছর জেলায় আখ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭৬১ হেক্টর আর চাষ হয়েছে ৭৯৪ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৩ হেক্টর বেশি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.