প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২১, ৪:৪০ পি.এম
গাইবান্ধায় বিধবা ভাতা পাচ্ছেন সধবা মহিলারা

শাহজাহান সিরাজ ঃ ইউপি চেয়ারম্যান দিলেন অনলাইনের দোহাই। উপজেলা পরিষদ চেয়ারম্যান বললেন কাজটি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সমাজ সেবা অফিসারের। ঘটনাটি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের। সরেজমিনে গিয়ে জানা যায়, ফুলছড়ি উপজেলা পরিষদ থেকে পাশ হওয়া কঞ্চিপাড়া ইউনিয়নের বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার চুড়ান্ত তালিকায় অনেক কজন সধবা মহিলার নাম রয়েছে। স্বামী থাকা সত্বেও তারা তাদের মোবাইলে বিধবা ভাতার টাকাও পেয়েছেন অনেকে।
এ বিষয়ে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান লিটনের সাথে কথা হলে তিনি জানান, যেহেতু তারা অনলাইনে আবেদন করেছেন, সেহেতু ভুল হতেই পারে। এ বিষয়ে ফুলছড়ি উপজেলা সমাজ সেবা অফিসার আবু মোহাম্মদ সুফিয়ানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাকে যে তালিকা দিয়েছেন, আমি সেটাতেই অনুমোদন দিয়েছি।
এই একই বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ গণমানুষের আওয়াজ কে বলেন, অনলাইনের দোহাই দিয়ে ইউনিয়ন পরিষদ আর অফিসার ভাগবাটোয়ারা করে এই নামগুলো দিয়েছে। আমি একটা নামও দেই নাই।
প্রকৃত বিধবাদের বঞ্চিত করে সধবাদের নাম বসিয়ে সরকারি টাকা হরিলুটের সাথে কারা কারা জড়িত, এটি খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া এবং নতুন করে প্রকৃত বিধবাদের তালিকা তৈরির জোর দাবী সচেতন মহলের।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.