হোম » সারাদেশ » সিরাজগঞ্জে উদ্ধার হওয়া অপহৃত স্কুলছাত্রী বাড়ি ফিরে আত্মহত্যা

সিরাজগঞ্জে উদ্ধার হওয়া অপহৃত স্কুলছাত্রী বাড়ি ফিরে আত্মহত্যা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জে অপহরণের ১২ ঘন্টা পর উদ্ধার হওয়া মায়া আক্তার জয়া (১৫) নামে এক স্কুলছাত্রী বাড়িতে এসেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্বজনদের অভিযোগে স্থানীয় কয়েক বখাটে কিশোর তাকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করায় লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে স্কুলছাত্রী।  শুক্রবার (১৯ মার্চ) বিকেলে সদর থানা পুলিশ শহরের মাহমুদপুর মহল্লা থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে। নিহত মায়া আক্তার জয়া মাহমুদপুর মহল্লার শরিফ শেখের মেয়ে।

নিহত স্কুলছাত্রীর বাবা শরীফ শেখ ও চাচা ফরিদ শেখসহ স্বজনেরা জানান, গত দুই বছর ধরে একই মহল্লার আব্দুল আজিজের বখাটে ছেলে জীম (১৬) বিভিন্ন সময়ে জয়াকে উত্যক্ত করে আসছিল। তার অভিভাবকদের বার বার অভিযোগ করা হলে তারা শাসন করে দেয়ার কথা বলে ধামাচাপা দেন। এরপরও জীম বাড়ির কাছে এসে জয়াকে বার বার উত্যক্ত করতে থাকে। বখাটেদের অত্যাচারের কারণে বাধ্য হয়ে জয়াকে এক আত্মীয়ের ছেলের সাথে বুধবার (১৭ মার্চ) বাগদান সম্পন্ন করা হয়। কিন্তু বখাটে জীম পুলিশকে ফোন করে ডেকে এনে বাগদান প্রক্রিয়াও বন্ধ করে দেয়।

পরদিন বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে বাসার সামনে থেকে জীমসহ মাহমুদপুর মহল্লার মৃত শাহিনের ছেলে জীবন, ফনির ছেলে অন্তর, হানিফের ছেলে রুমন ও চর রায়পুর মহল্লার ছাত্তারের ছেলে কাইয়ুম জয়াকে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে তাৎক্ষণিক থানায় অভিযোগ করে জয়ার বাবা শরীফ শেখ। অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যার দিকে পুলিশ মনোরথ নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসেন। গভীর রাতে আনছার নামে মাহমুদপুর মহল্লার এক ব্যক্তি জয়াকে থানায় পৌঁছে দেয়।
পরদিন শুক্রবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে জয়াকে পরিবারের কাছে হস্তান্তর করে। বাসায় যাবার পর রান্নাঘরে ঢুকে ভেতর থেকে আটকে দেয় এবং ফ্যানের সাথে কাপড় ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনেরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, বিকেলে ওই স্কুলছাত্রীর অপহরণের ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছিল। রাতে তাকে উদ্ধার করা হয়। মেয়েটির অভিভাবকরা এ ব্যাপারে কোন মামলা করতে রাজি না হওয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ¯িœগ্ধ আক্তার বলেন, আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!