
নারায়ণগঞ্জে পিক আপ ভ্যানের সাথে রিক্সার সংঘর্ষে ইয়াসির সোলাইমান (৩৫) নামের এক যাত্রি মারা গেছে। গুরুতর আহত রিক্সার চালক আশরাফুর ইসলাম (৩০)। গতকাল সোমবার দুপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় ফুট ওভার ব্রিজ এর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সোলাইমানের বাড়ি ঢাকা ডেমরা’র মেরাদিয়া এলাকায় এবং আহত রিক্সা চালকের বাড়ি শেরপুর জেলার নলিতাবাড়ি এলাকায়। জানা গেছে, সকাল থেকে বিআরটিএ’র হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহার এর নেতৃত্বে মহাসড়কে চলাচলরত সিএনজি, ব্যাটারিচালিত রিকশা, মিশুক, ভ্যানের বিরুদ্ধে সানারপাড় ও মাদানীনগর এলাকায় অভিযান পরিচালনা করছিল বিআরটিএ।
অভিযানে থাকা লোকজন কিছু দূর থেকে রিকশাটিকে থামার সংকেত দিলে তখন দুইজন যাত্রীসহ রিকশা চালক দ্রæত গতিতে পিছনে ফিরে যেতে চাইলে বিপরিত দিক থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সোলেমান। আর গুরুতর আহত হয় আশরাফুল। আশরাফুলকে প্রথমে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর পরই বিআরটিএ‘র অভিযান বন্ধ করে চলে যায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, ঔই রিক্সাটি ছিল ব্যাটারি চালিত। তাই পুলিশ দেখে ভয়ে রিক্সা চালক যাত্রিসহ হঠাৎ করেই তার রিক্সা ঘুরিয়ে পালাতে চেয়েছিল। নিহতের মরদেহ সাইনবোর্ড এলাকার প্রো এ্যাকটিভ হাসপাতালে রাখা হয়েছে। আর আহত রিক্সা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) বাবুল জানান, দুর্ঘটনায় গুরতর আহত আশ্রাফুল ইসলামের অবস্থাও বেশ গুরতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পিকআপটিকে আটক করা হয়েছে বলে তিনি জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, দুপুরের দিকের এই দুর্ঘটনায় যাত্রি মারা গেছে। এ বিষয় এখনো কোন মামলা হয়নি বলে তিনি জানান।