প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২০, ৩:১৬ পি.এম
নবীনগরে এক যুবক খুন,পরিবারের দাবী পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হানিফ মিয়া নামের এক যুবককে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে লাশ পাশের জলাশয়ে ফেলে চলে যায় খুনি চক্র। তবে পরিবারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের জন্য পূর্ব শত্রুতাকে দায়ী করা হচ্ছে। গত বুধবার রাতে উপজেলা বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে খোঁজ খবর নিয়ে জানা যায়,উপজেলার নুরজাহানপুর গ্রামের মৃত দুবরাজ মিয়ার ছেলে প্রবাসী হানিফ মিয়া বুধবার সন্ধ্যায় বাড়ী থেকে বের হওয়ার পর রাতে বাড়িতে ফিরে আসেননি। পরে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখোঁজির পরও তার কোন সন্ধান না পেয়ে, ফজরের পর আবারও হানিফ মিয়ার বোন ও মা তাকে খুঁজতে বের হলে বাড়ির সামনে একটি রক্তমাখা দা ও হানিফের একটি জুতা দেখতে পায়।
পরে বাড়ির পাশের খালে হানিফের মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জমায়েত হয়। হানিফের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে খুন করে ডোবার পাশে ফেলে রেখে যাওয়ার পর শেয়াল কুকুরে তার হাতের মাংশ খেয়ে ফেলেছে। পরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেন।
এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহত হানিফ মিয়া দুই সন্তানের জনক ও তার স্ত্রী আট মাসের গর্ভবতী। এ বিষয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্তের জন্য তদন্ত চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.