হোম » সারাদেশ » ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল পরিচালনা কমিটির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধির বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে হাসপাতালে প্রায় ৬০০ রোগী ভর্তি থাকলেও খাদ্য ও ওষুধের বরাদ্দ আসে মাত্র ২৫০ শয্যার ভিত্তিতে। ফলে প্রতিদিন বিপুল সংখ্যক রোগীকে প্রয়োজনীয় সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

তিনি আরও জানান, হাসপাতালের চিকিৎসক, টেকনিশিয়ান ও অন্যান্য জনবলের সংকট দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজনেরও ব্যবস্থা করা হবে।

হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, এতদিন সেখানে বর্জ্য পোড়ানোর কোনো যন্ত্র ছিল না। আগামীকালের মধ্যে একটি বর্জ্য ব্যবস্থাপনা যন্ত্র স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া আইসিইউ, সিটি স্ক্যান, এমআরআই এবং আধুনিক মর্গ স্থাপনের কার্যক্রম দ্রুত শুরু করার আশ্বাসও দেন।

নাগরিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে বিএনপির মহাসচিব বলেন, ২০ কোটি মানুষের দেশে সব দায়িত্ব শুধু সরকারের ওপর ছেড়ে দিলে চলবে না; প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

নারী ও শিশু সুরক্ষা এবং মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার এসব বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। আইন সংশোধনের মাধ্যমে নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে এবং মাদক নির্মূলে আইনি পদক্ষেপ আরও জোরদার করা হয়েছে।

সভায় তিনি হাসপাতালের সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!