আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলার কার্ত্তিকাহার গ্রামের খারি-ক্যানেলে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্ত্তিকাহার গ্রামে। নিহতরা হলেন কুষ্টিয়া জেলার মেহেরপুর উপজেলার বাসিন্দা নূর ইসলাম এবং তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার। ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল। সুমাইয়া কার্তিকাহার গ্রামের সাহিনের কন্যা।
গ্রামবাসী ও পারিবারিক সুত্রে জানা যায় ঐ গ্রামের শাহিনের মেয়ে সুরভী বিয়ে হয় কুিষ্টয়া মেহেরপুরে ইসরাফিলের
সঙ্গে। ইসরাফিলের ছোট ভাই নুর ইসলাম বড় ভাইয়ের শালিকা সুমাইয়া ১৭ কে বিয়ে করে ৭ মাস পূর্বে। শুক্রবার বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের খারি-ক্যানেলে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। এ সময় পাড়ে দাঁড়িয়ে ছিলেন তাঁর স্ত্রী। একপর্যায়ে নূর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাঁকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে নামেন সুমাইয়া। এরপর তিনিও নিখোঁজ হন। ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর দুজনকে অচেতন অবস্থায় খারি-ক্যানেল থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি বলেন, স্থানীয় লোকজন দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বলেন, থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বামী-স্ত্রী দু’জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।