প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১১:০১ এ.এম
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অভিযানে ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বালিয়াডাঙ্গী থানাধীন ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাদশুকা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ডিবির অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুলের নেতৃত্বে একটি চৌকস দল খবর পায় যে, কাদশুকা এলাকায় দুই ব্যক্তি মাদক বিক্রি করছে। তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন।
পরে তাদের দেহ তল্লাশি করে প্রথম ব্যক্তির প্যান্টের পকেটে থাকা দুটি নীল রঙের পলিথিন থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট (২৫০+২৫০) এবং দ্বিতীয় ব্যক্তির প্যান্টের পকেট থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ৫৯০ পিস।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হুমায়ুন কবির (৩৫), পিতা: মো. মজিবর রহমান, সাং: মহেষমারী এবং মো. আনোয়ার ইউসুফ (৪৫), পিতা: মৃত আব্দুর রাজ্জাক, সাং: কাদশুকা, বালিয়াডাঙ্গী।
পুলিশ জানায়, হুমায়ুন কবিরের বিরুদ্ধে পূর্বে মাদক ও মারামারিসহ তিনটি এবং আনোয়ার ইউসুফের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে এ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.