
বগুড়া থেকে রায়হানুল ইসলাম
বগুড়ায় সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দলিল লেখক সমিতির সাংগঠনিক পদপ্রার্থী মো. মাসুদ পারভেজ ওরফে রনিকে (লাইসেন্স নং-৪৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে মহড়ায় ব্যবহৃত ২৭ ইঞ্চি লম্বা একটি ধারালো দেশীয় ছোরা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোরে জেলার শাজাহানপুর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার ঠিক পূর্বমুহূর্তে কার্যালয়ের সামনে একটি বড় ধারালো ছোরা হাতে নিয়ে মহড়া দেন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মাসুদ পারভেজ রনি। ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার পর অভিযুক্ত রনি আত্মগোপনে চলে যান। বিষয়টি নজরে আসার পর বগুড়া জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান শুরু করে।
অভিযানের ধারাবাহিকতায় শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় রনির শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্ত্রের অবস্থান স্বীকার করেন। সকাল ৭টায় তার দেওয়া তথ্যানুযায়ী বগুড়া সদর থানার দক্ষিণ নাটাইপাড়া কাজীর মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামির নিজ হাতে বের করে দেওয়া ২৭ ইঞ্চি লম্বা লোহার তৈরি একপাশ ধারালো ছোরাটি জব্দ করা হয়।
বগুড়া জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।