হোম » সারাদেশ » বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ

বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ

​বগুড়া থেকে রায়হানুল ইসলাম

​দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করতে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা—এই পাঁচ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার। শনিবার সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে ‘বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা’ এই সেমিনারের আয়োজন করে।
​সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেন, ফ্যাসিস্ট সরকার ঈর্ষান্বিতভাবে উত্তরাঞ্চলকে উন্নয়নবঞ্চিত করেছে। বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও উত্তরাঞ্চলসহ পুরো দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।
​স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বিগত দুই দশক ধরে অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করার প্রত্যয় ব্যক্ত করেন।
​বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সেমিনারের বিভিন্ন সেশনে সংশ্লিষ্ট পাঁচ জেলার সংসদ সদস্যগণ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা কৃষি, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উত্তরাঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং আঞ্চলিক বৈষম্য দূর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!