প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৪:৫৩ পি.এম
শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়তে মোল্লাহাটে ইনসিডিন বাংলাদেশের সংবাদ সম্মেলন

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
শিশুদের অনলাইন যৌন নির্যাতন ও শোষণ (ওএসইএসি) প্রতিরোধ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সরকার, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ।
সোমবার (২১ জুলাই) মোল্লাহাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এতে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন এবং টেরে ডেস হোমস নেদারল্যান্ডসের কারিগরি সহায়তায় ইনসিডিন বাংলাদেশ বাগেরহাট জেলা ও মোল্লাহাট উপজেলায় ২০২৫ সালের মার্চ থেকে ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ‘স্পিক আপ!’ প্রকল্প বাস্তবায়ন করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিশুদের শিক্ষা ও তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি পেলেও অনলাইন যৌন হয়রানি, সাইবার বুলিং, গ্রুমিং, ব্যক্তিগত ছবি ও তথ্যের অপব্যবহারের মতো ঝুঁকিও বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিশুদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল সাক্ষরতা উন্নয়ন, অভিভাবক ও শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, শিশুদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে সরকার, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনসিডিন বাংলাদেশের প্রকল্প সমন্বয়ক রাফিউল আলী, প্রকল্প কর্মকর্তা মো. মঈন খান ও কল্যাণী চাকমা, কমিউনিটি অর্গানাইজার সৈয়দ মারুফুল ইসলাম ও রেখা পারভীন এবং শিশু প্রতিনিধি আরেফিন সরদার ও নাফিসা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.