
রবিউল হাসান লায়ন , জামালপুর
জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ পৃথক দুটি মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান, বকশিগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের মোঃ হাফিজুল ওরফে আফজল যৌতুক না পেয়ে তার স্ত্রী হুনুফা বেগমকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর বকশীগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহতের মা আমেনা বেগম। সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত নিহতের স্বামী মোঃ হাফিজুল ওরফে আফজলকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে খালাস দেওয়া হয়। রায় প্রদানের সময় আসামিরা উপস্থিত ছিলেন।
একই আদালত জামালপুর সদর থানার একটি অপহরণ মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ ডিসেম্বর সকালে এসএসসি পরীক্ষার্থী নূরজাহান কলি প্রাইভেটে যাওয়ার পথে শামীম, শিপন ও জালাল নামে তিন যুবক তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে। পরে গাজীপুর থেকে পুলিশ তাকে উদ্ধার করে।
মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত শামীম ও শিপন ও জালালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দন্ডপ্রাপ্তদের মধ্যে জালালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।