
রায়হানুল ইসলাম, বগুড়া সদর প্রতিনিধি
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে হত্যা মামলার এক সন্দেহভাজন আসামির মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া ডিবি কার্যালয়ের হাজতখানার টয়লেটে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, তিনি টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে নিজের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত আসাদুজ্জামান আসাদ (২৫) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মধ্য উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, শনিবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে বগুড়া রেলস্টেশন এলাকা থেকে আসাদকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, গত ২৯ জুন সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার অটোরিকশাটি নিখোঁজ ছিল। এ ঘটনায় ১ জুলাই নিহতের স্ত্রী অজ্ঞাত তিনজনকে আসামি করে সারিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির ছায়াতদন্ত করছিল ডিবি পুলিশ।
তিনি আরও বলেন, রোববার সকালে নাশতা শেষে আসাদ ডিবি কার্যালয়ের টয়লেটে যান। দীর্ঘ সময় বাইরে না আসায় পুলিশ সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে লুঙ্গি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অধীন মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ আলী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম রনি জানান, মরদেহে গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে। শরীরের অন্য কোথাও দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, আসাদ হত্যা মামলার সন্দেহভাজন ছিলেন। ডিবির জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।
এদিকে, বিকেল পর্যন্ত নিহতের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, “পরিবারের সঙ্গে আসাদের নিয়মিত যোগাযোগ ছিল না। তিনি মূলত বিভিন্ন রেলস্টেশনে ঘুরে বেড়াতেন। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটির আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ