প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৩:৪৯ পি.এম
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল

এম আর ওয়াসিম ভৈরব ((কিশোরগঞ্জ) প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উপস্থিতি এবং উচ্চ ভোটার অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ভৈরব প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. সোহেলুর রহমান সোহেল বিজয়ী হয়েছেন।
শুক্রবার দুপুর আড়াইটায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। ভোট শেষে রাতেই গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন ঘিরে দিনভর প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।
নির্বাচনের ফলাফলে সভাপতি পদে মো. আনোয়ার হোসেন ২২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান ফারুক পান ১২২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. সোহেলুর রহমান সোহেল ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আদিল উদ্দিন আহমেদ পান ১৬২ ভোট।
এ ছাড়া পাঠাগার সম্পাদক পদে সিদরাতুল রশিদ পিয়াল, ক্রীড়া সম্পাদক পদে রাকিব হোসাইন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. এহসানুল হক পিন্টু বিজয়ী হয়েছেন।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি পদে সাইফুল ইসলাম, সহসভাপতি পদে ডা. আবদুল্লাহ আল মারুফ, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে আলহাজ সজীব আহমেদ, যুগ্ম সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ পদে এম আর রুবেল, দপ্তর সম্পাদক পদে নজরুল ইসলাম রিপন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবদুর রউফ, সমাজকল্যাণ সম্পাদক পদে সোহেল সাশ্রু এবং নির্বাহী সদস্য পদে মো. সুমন মোল্লা, তুহিন মোল্লা ও সত্যজিৎ দাস ধ্রুব নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, মোট ৩৮০ জন ভোটারের মধ্যে ৩৬৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা প্রায় ৯৫ দশমিক ৫৩ শতাংশ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় নির্বাচন নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.