হোম » সারাদেশ » কাউখালীতে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের ডাক, মাদক ব্যবসায়ীদের সামাজিক বয়কটের আহ্বান

কাউখালীতে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের ডাক, মাদক ব্যবসায়ীদের সামাজিক বয়কটের আহ্বান

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সভাকক্ষে পিরোজপুর মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ।
এছাড়া পিরোজপুর জেলা মাদকবিরোধী সামাজিক আন্দোলনের ১১ সদস্যের প্রতিনিধি দল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ইমাম সমিতির সভাপতি, পুরোহিত, মহিলা পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় বক্তব্য দেন পিরোজপুর জেলা মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক শাহ আলম, অধ্যাপক লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত হাবিবুর রহমান, পজিটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদ জুবায়ের আল মামুন, পিরোজপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ, ওসি (তদন্ত) এবাদ আলী, অ্যাডভোকেট কমল মুখার্জি, সুনন্দা সমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা সভাপতি হাসান মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ সিকদার এবং ছাত্রদল নেতা শোয়েব সিদ্দিকী।
বক্তারা বলেন, মাদক এখন একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, বরং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তারা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান এবং তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকার পরামর্শ দেন।
আলোচনায় আরও প্রস্তাব করা হয়, যেসব বাড়িতে মাদক বিক্রির অভিযোগ তদন্তে প্রমাণিত হবে, সেসব বাড়ির সামনে সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি করা যেতে পারে।
কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী বলেন, মাদক প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনসচেতনতা ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, সুনির্দিষ্ট তথ্য পেলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “মাদকমুক্ত কাউখালী গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সামাজিক দায়বদ্ধতা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অপরাধ দমনে আমি সবসময় আপনাদের পাশে আছি।”
আলোচনা সভা শেষে সন্ধ্যায় চিড়াপাড়া বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে মাদকের কুফল তুলে ধরে জনসাধারণকে সচেতন করা হয় এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!