হোম » সারাদেশ » শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন ছেলের পিতা কে বহিষ্কার বিএনপির

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন ছেলের পিতা কে বহিষ্কার বিএনপির

​বগুড়া থেকে রায়হানুল ইসলাম :
​চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ছেলের অংশগ্রহণকে কেন্দ্র করে বগুড়া জেলা বিএনপির সদস্য এবং শহর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া মহানগর বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতির এই ঘোষণা দেওয়া হয়।
​বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। দলীয় সূত্র জানায়, মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে বগুড়া শহরের সাতমাথা এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীদের মধ্যে ফারুক হোসেনের ছেলে সিফাত হোসেন ছিলেন, যিনি সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পরে জেলা বিএনপির সিনিয়র নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ফারুক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।
বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জানতে চাইলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ফারুক হোসেনকে মহানগর ও জেলা বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।’
​রাজনৈতিক অঙ্গনে এই বহিষ্কারাদেশ নিয়ে ইতিমধ্যে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!