প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ৯:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ৫:৪৪ পি.এম
হোসেনপুরে মসজিদের ১৭টি সিলিং ফ্যান চুরির মূলহোতাসহ ক্রেতা গ্রেফতার

শাহজাহান সাজু কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া ১৭টি সিলিং ফ্যানের ঘটনায় মূল হোতা ও চোরাই মাল ক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেলে হোসেনপুর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত মে থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে মোট ১৭টি সিলিং ফ্যান চুরি হয়। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে হোসেনপুর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে এসআই আমিনুর রহমান ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে উপজেলার পশ্চিম দীপেশ্বর গ্রামের স্বপনের ছেলে অভিযুক্ত পারভেজ মোশারফ ওরফে বেলাকে শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পারভেজ মোশারফের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার নতুন বাজার এলাকার হলুদ মিয়ার ইলেকট্রনিক্সের দোকানে অভিযান চালিয়ে চোরাইকৃত দুটি সিলিং ফ্যান উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে হলুদ মিয়া জানান, তিনি পারভেজের কাছ থেকে মোট চারটি সিলিং ফ্যান প্রতিটি ৬০০ টাকা দরে কিনেছিলেন। এর মধ্যে দুটি ফ্যান তিনি ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করে দিয়েছেন। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুই আসামিকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.