প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৬, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৬, ১১:২৬ এ.এম
নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ জুলাই বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় নাগরপুর সরকারি কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মিজানুর রহমান লাভলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু। উক্ত উদ্বোধনী ম্যাচে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম (মুকুল)।
উক্ত উদ্বোধনী ফুটবল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এবং দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যুথি।
উক্ত ফুটবল ম্যাচে নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল ইসলাম, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চাঁন খাঁ, সাধারণ সম্পাদক এস. এম. ফেরদৌস আহমেদ, দেলদুয়ার উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. রবিন মিয়া সহ নাগরপুর ও দেলদুয়ার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আরও উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী প্রথম ম্যাচে স্বাগতিক নাগরপুর উপজেলা দল মুখোমুখি হয় দেলদুয়ার উপজেলা দলের। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ের খেলায় দেলদুয়ার উপজেলা দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে স্বাগতিক নাগরপুর উপজেলা দল। খেলা উপভোগ করতে দুই উপজেলার বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন। তাদের প্রাণবন্ত সমর্থন ও করতালিতে পুরো মাঠ ছিল মুখর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করতেই জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবছর এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.