
রায়হানুল ইসলাম, বগুড়া :
বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আরিফ শেখ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় আরিফ একা ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
রাত ১টার দিকে স্থানীয়রা রাস্তায় ওই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আরিফের বিরুদ্ধে আইনগত বিভিন্ন তথ্য যাচাই করে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, “নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে এবং অপরাধীদের শনাক্ত করতে আমরা তদন্ত শুরু করেছি।” এই ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।

আরও পড়ুন
সরিষাবাড়ীতে কালেমা লেখা সাদা পতাকা ঘিরে আলোচনা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
নাগরপুর-চৌহালীর নদীভাঙন কবলিত অসহায় মানুষের পাশে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ