প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৭:০১ পি.এম
মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালে এক লাখ টাকা জরিমানা, ওটি ও আল্ট্রাসনোগ্রাম কক্ষ সিলগালা

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে অবস্থিত নিউ আল-শেফা জেনারেল হাসপাতালকে বিভিন্ন অনিয়মের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) ও আল্ট্রাসনোগ্রাম কক্ষ সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর মো. এবাদুল হক ও ইব্রাহীম খলিলের সহযোগিতায় অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে মেঘনা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাসপাতালটির লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া সেখানে কোনো মেডিকেল অফিসার কর্মরত ছিলেন না। এমবিবিএস চিকিৎসক ছাড়া আল্ট্রাসনোগ্রাম পরিচালনা, অপারেশন থিয়েটার ও লেবার রুমের প্রয়োজনীয় মানসম্মত পরিবেশ নিশ্চিত না করাসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী হাসপাতালটির অপারেশন থিয়েটার ও আল্ট্রাসনোগ্রাম কক্ষ সিলগালা করা হয়েছে। প্রয়োজনীয় মান ও পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত সিলগালা করা দুটি বিভাগের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডা. সায়মা রহমান।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। স্বাস্থ্যসেবার নামে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা আইনের লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.