
মো. মনোয়ার হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
স্থানীয়দের অভিযোগ, ১০ মাইল বাজার থেকে ২৮ মাইল বাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কটি অত্যন্ত সরু এবং ঝুঁকিপূর্ণ। এটি উপজেলার অন্যতম ব্যস্ততম সড়ক হওয়ায় প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটি প্রশস্ত না হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং প্রতিবছর বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে।
এলাকাবাসী বলেন, বারবার প্রাণহানির ঘটনা ঘটলেও এখনো সড়কটি প্রশস্তকরণে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই জননিরাপত্তার স্বার্থে ১০ মাইল বাজার থেকে ২৮ মাইল বাজার পর্যন্ত সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করার জোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, সড়কটি চার লেনে উন্নীত করা হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।