প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৭:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৪:৫২ পি.এম
মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত লাশ

গকুল রাজবংশী মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে এক অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ দেখা গেছে। সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে তিনটার দিকে উপজেলা সদরের বংশাই নদীর ওপর নির্মিত ‘আলহাজ্ব একাব্বর হোসেন ব্রিজ’র নিচে লাশটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্রিজের নিচ দিয়ে লাশটি ভেসে যেতে দেখে এলাকাবাসী ভিড় জমান। লাশের চারপাশে কাকের আনাগোনা দেখে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। ধারণা করা হচ্ছে, লাশটি কোনো মধ্যবয়সী পুরুষ ব্যক্তির। উজান থেকে স্রোতে ভেসে আসা লাশটি অন্তত এক বা দুদিন আগে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। পানিতে পচে ফুলে ওঠায় লাশটি ভেসে উঠেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকে ধারণা করছেন, কোনো দুর্বৃত্ত অন্য কোথাও হত্যার পর আলামত নষ্ট করতে লাশটি নদীতে ফেলে দিয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে। লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.