হোম » সারাদেশ » জামালপুরে মাদক অপবাদে মব জাস্টিস  বসতবাড়িতে তাণ্ডব-লুটপাটের পর পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ

জামালপুরে মাদক অপবাদে মব জাস্টিস  বসতবাড়িতে তাণ্ডব-লুটপাটের পর পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ

​রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকায় ‘মব’ সৃষ্টি করে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, ভুক্তভোগী পরিবারের পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তাদেরকে সামাজিকভাবে বয়কট (সমাজচ্যুত) করা হয়েছে বলেও জানা গেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে অসহায় ভুক্তভোগী পরিবারটি।

​শনিবার (৪ জুলাই) রাতে শহরের ভোকেশনাল মোড় এলাকার একটি মিডিয়া হাউসে সংবাদ সম্মেলন করে এই আকুতি জানান ভুক্তভোগী মিষ্টি আক্তার ও তার পরিবারের সদস্যরা।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিষ্টি আক্তার অভিযোগ করে বলেন:
​”২০২৩ সাল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর সালামত এবং তার সহযোগীরা আমাদের পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। আমরা তাদের অনৈতিক দাবিতে রাজি না হয়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানাই। এতে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা ‘মাদক ব্যবসা’র অপবাদ ছড়ানো হয়। এরপর এলাকায় একটি কৃত্রিম ‘মব’ বা উগ্র জনতা সৃষ্টি করে সংঘবদ্ধভাবে আমাদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালানো হয়।”

​মিষ্টি আক্তার আরও অভিযোগ করেন, হামলাকারীরা শুধু বাড়িঘর ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, তাদের অবরুদ্ধ করতে বাড়ির পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। একই সাথে পুরো পরিবারটিকে সামাজিকভাবে বয়কট করার ঘোষণা দিয়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সাথে জড়িত মূল হোতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
​সংবাদ সম্মেলনে একই ক্ষোভ ও আকুতি প্রকাশ করে বক্তব্য দেন মিষ্টি আক্তারের মা হাসনা বেগম। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের পরিবারটিকে ধ্বংস করতে চাইছে। তারা যেন ন্যায়বিচার পান, সেজন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
​উক্ত সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!